মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকদল নেতার ১০.৯০ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সাইদুল হকসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত মো. হানিফ মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী মো. শহীদুল্লাহ বলেন, ‘মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হানিফ আমার ভায়রা হন। আমাদের পারিবারিক সম্পত্তির পাশে একসময় তাঁর শ্বশুরের সম্পত্তি ছিল। ২০০৪ সালে হানিফের স্ত্রী রাশেদা আক্তার ও পরিবারের অন্য সদস্যরা ওই সম্পত্তি জসিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। জমি কেনার পর থেকে জসিম ওই জমি ভোগদখল করে আসছেন। তবে জসিমের কাছে জমি বিক্রি করার পরও ২০২৫ সালের ১ নভেম্বর ওই জমি রাশেদা আক্তার ও তাঁর ভাই মোস্তফার নামে খতিয়ান সৃজন করা হয়। পরে যুবদল নেতা হানিফ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমির নামজারি করেন এবং নির্ধারিত সীমানার বাইরে গিয়ে আমাদের ১০.৯০ শতাংশ জমি দখল করে নেন।’

তিনি আরও বলেন, ‘জমি দখলের অভিযোগে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। পরে পুলিশ বিষয়টি বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়। তবে ওই বৈঠকে হানিফ পুলিশের দেওয়া নির্দেশনা না মেনে সেখান থেকে চলে যান।’

অভিযোগের বিষয়ে মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. হানিফ বলেন, ‘শহীদুল্লাহদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। প্রায় তিন বছর আগে আমি ওই জায়গায় মাটি ভরাট করেছি। শহীদুল্লাহদের জায়গা কোথায়, সেটিও তাঁরা নিজেরা জানেন না। আমার বিরুদ্ধে এসব অভিযোগ অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’

সর্বশেষ