চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের কাজকে কেন্দ্র করে চাঁদা দাবি এবং নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে আইনানুগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম গুয়াপঞ্চক এলাকার বাসিন্দা ওমর বাদী হয়ে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন। ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেল স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের কাজ চলাকালে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ভবনের নালায় পাইপলাইন স্থাপনে বাধা দেওয়া হয়। এ ঘটনায় গত ২৪ জুলাই উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডারও সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ২৮ জুলাই ওমর প্রতিবেশীর কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ধার নেওয়া ২ লাখ টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে ইউপি সদস্য ও তার সহযোগীরা তার গতিরোধ করে জোরপূর্বক ওই টাকা ছিনিয়ে নেন।
বাদী ওমর অভিযোগ করেন, অভিযুক্ত ইউপি সদস্য বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তোলা ছবি প্রকাশ করে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেন। এছাড়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দীন বলেন, মামলার সঙ্গে প্রয়োজনীয় প্রাথমিক তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে, অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আনোয়ারা থানা পুলিশ অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।









