থিয়েটারে ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’

চট্টগ্রামে বয়ান শিল্পাঙ্গনের দ্বিতীয় নাট্যপ্রয়াস

চট্টগ্রামের নাট্যমঞ্চে নতুন প্রাণ ফিরিয়ে আনতে দ্বিতীয় প্রযোজনা নিয়ে হাজির হলো নাট্যসংগঠন বয়ান শিল্পাঙ্গন। প্রয়াত নাট্যকার মমতাজউদদীন আহমদ রচিত নাটক ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’র প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে।

নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সায়েম উদ্দীন। স্মরণীয় এ প্রযোজনায় সহযোগিতা করেছে শান্তনু বিশ্বাস স্মৃতি পর্ষদ।

প্রথাবিরোধী রাজনৈতিক ব্যঙ্গধর্মী নাটক ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ উপস্থাপন করে আধুনিক সমাজ ও ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিরোধের প্রতীক এবং স্বপ্নভঙ্গের বাস্তবতাকে। নাট্যকলা ও দর্শনচিন্তার মেলবন্ধনে নাটকটি দর্শকের মাঝে ভিন্নতর এক আবহ তৈরি করে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রাইসা, সাজু বড়ুয়া, জহির মামুন, সৌরভ, কবিতা, সুব্রত পাল, পার্থ সারথি দে, রেশমি, সুমি, রিক্তা, প্রাণেশ এবং নির্দেশক সায়েম উদ্দীন নিজেও।

মঞ্চসজ্জা ও কারিগরি দিকগুলোয় ছিল পেশাদার ব্যবস্থাপনা— রূপসজ্জায় শাহীন চৌধুরী, আলোতে সীমান্ত বড়ুয়া, আবহ সংগীতে আজমল নবীন, সেট সহকারী আব্দুল হান্নান, প্রপস ব্যবস্থাপনায় কবিতা ও রক ডায়াস, টেকনিক্যাল সাপোর্টে ফাহিম রায়হান ও সাইম।

থিয়েটারপ্রেমী দর্শকদের সরব উপস্থিতিতে সন্ধ্যার আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রযোজক দলের পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিতভাবে নতুন নতুন নাটক মঞ্চায়নের মাধ্যমে নাট্যচর্চাকে বেগবান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ