চট্টগ্রামের বায়েজিদ এলাকার লাল মাঠ সংলগ্ন কাঁঠাল বাগান এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড়ের মধ্যে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন ও প্রকাশ ক্যান্টনমেন্টের বড় হুজুর হযরত মাওলানা শাহ সূফি মোহাম্মদ মকবুল হোসেন (রহ.)–এর ৭ম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল। ছালাম আবাদ শরীফের পীর সাহেব কেবলার আগমনে আয়োজিত এই মহাসমাবেশে আল্লাহ ও তাঁর রাসুল (দঃ)-এর প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশে অংশ নেন আশপাশের অগণিত ধর্মপ্রাণ মানুষ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরে কামেল, হযরতুলহাজ্ব মাওলানা শাহ সূফি আবু আহমদ মুহাম্মদ আইনুন্নায়ীম (ম.জি.আ.), সাজ্জাদানশীন পীর সাহেব, ছালাম আবাদ দরবার শরীফ, জামালপুর। তিনি তার বক্তব্যে কুরআন-হাদিসের আলোকে রাসুলুল্লাহ (দঃ)-এর জীবনী ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “মুসলমানদের জীবন গড়তে হলে অবশ্যই রাসুল (দঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সুন্নিয়তই হলো শান্তি ও পরিপূর্ণতার পথ, যা আমাদের ঈমানকে মজবুত করে।” তিনি আরো বলেন, “আজকের মাহফিল কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের আত্মশুদ্ধির এক মহাসুযোগ। এখানে আগত প্রত্যেক মুমিনের উচিত তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োগ করা।”
মাহফিলের প্রধান অতিথি ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল-ক্বাদেরী (ম.জি.আ.), সাবেক অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা, চট্টগ্রাম। তিনি বলেন, “রাসুলুল্লাহ (দঃ)-এর জন্মদিন উদযাপন মানে তাঁর আনোায়াতের স্মরণ, তাঁর আদর্শের পুনরুজ্জীবন। সুন্নিয়ত চর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
এছাড়া সম্মানিত ওয়ায়েজিনে কেরামের মধ্যে বক্তব্য রাখেন হযরতুলহাজ্ব আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন (ম.জি.আ.), অধ্যক্ষ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা (ঢাকা); হযরতুলহাজ্ব মাওলানা শাহ সূফি আব্দুল কাদের (ম.জি.আ.), খলিফা ও পীর সাহেব, খানকায়ে ছালাম আবাদ শরিফ (রামগতি); হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এখলাছ উদ্দিন নূরী (ম.জি.আ.), প্রভাষক, রাঘবপুর ফাযিল মাদ্রাসা (ময়মনসিংহ); এবং হযরত মাওলানা সূফি মোহাম্মদ হাসানুজ্জামান সুমন (ম.জি.আ.), ছালাম আবাদ শরীফ, বালুচড়া।
বক্তারা কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত ও তরিকতের সঠিক অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলে ব্যাপক জিকির-আসকার, ক্বিরাত, মিলাদ শরিফ, মোনাজাত ও দোয়ার আয়োজন হয়। আলেম-ওলামা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্ত-মুরিদ অংশ নেন এ মাহফিলে।
ছালাম আবাদ দরবার শরীফের ছালেকবৃন্দ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে উপস্থিত সবাই আল্লাহ ও তাঁর রাসুল (দঃ)-এর রেজামন্দি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। আয়োজকরা জানান, আগত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়।









