চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে শিবুউ মারমা (৩৮) নামে এক মারমা যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত শিবুউ মারমা উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে। পারিবার সূত্রে জানা যায়, তিনি গতকাল স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুরবাড়ি যান। স্ত্রীকে সেখানেই রেখে শুক্রবার সকালে একা বাড়ি ফেরার পথে খাইন্দার কুল এলাকায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।









