কোরবানির বর্জ্য অপসারণ করলো শতাব্দী ক্লাব

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১ জুন) দিনব্যাপী সংগঠনের সদস্যরা উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফেলে রাখা কোরবানির পশুর বর্জ্য ও চামড়া সংগ্রহ করে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে ফেলেন। একই সঙ্গে সড়কের পাশে রোপণ করা গাছের চারা পরিচর্যা কার্যক্রমও পরিচালনা করেন।

জানা গেছে, ঈদের পর অবিক্রীত বা পরিত্যক্ত পশুর চামড়া ও বর্জ্য খোলা জায়গায় পড়ে থাকায় দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষণের সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে শতাব্দী ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব চামড়া অপসারণ করে নির্ধারিত স্থানে মাটিচাপা দেন। এছাড়া সড়কের পাশে রোপণ করা গাছের চারা আগাছা পরিষ্কার, মাটি দেওয়া ও পরিচর্যা করেন।

শতাব্দী ক্লাবের সাধারণ সম্পাদক রনি ভৌমিক জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সর্বশেষ