খাগড়াছড়িতে চুকবল প্রশিক্ষণে অংশ নিল ৩০ শিক্ষার্থী

বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উন্মুক্ত চুকবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৫ জন বালক ও ১৫ জন বালিকার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সদস্য ও চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনির।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, শরীরচর্চা শিক্ষক কামাল উদ্দিন ও নজরুল ইসলাম।

প্রশিক্ষণ শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় আয়োজকরা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং চুকবল খেলাকে জনপ্রিয় করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।