মিরসরাইয়ের ধুম ইউনিয়নে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী

মিরসরাইয়ের ধুম ইউনিয়নে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী করেছে ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে আনন্দ র‌্যালী নাহেরপুর বিদ্যালয় প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো তারিফুল ইসলাম তারেকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান চৌধুরী বলেন, বিগত ১৭ বছর আওয়ামী দমন পীড়নে আমরা মিরসরাইতে প্রকাশ্যে কোন মিছিল মিটিং করতে পারিনি। কিন্তু কেন্দ্রঘোষিত দলীয় সকল কর্মসূচিতে মিরসরাইয়ের অন্যান্য ইউনিয়নের মতো ধুম ইউনিয়ন বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে। গত বছরের ৫ আগস্টের পর এ দেশের জনগণ বিএনপিকে নিয়ে যে নতুন এ বাংলাদেশের স্বপ্ন দেখেছে, কিছু কুচক্রী মহল, আওয়ামীলীগের দালাল ও অনুপ্রবেশকারী বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে বিএনপিকে কুলসিত করার চেষ্টায় লিপ্ত। মিরসরাইয়ের অন্যান্য ইউনিয়নের মতো ধুম ইউনিয়নেও তাদের অস্ত্রের ঝণঝণানিতে আমরা দলীয় কর্মসূচি পালন করতে পারছিনা। আনন্দ র‌্যালী আনন্দবাজারে করার কথা থাকলেও তাদের সশস্ত্র অবস্থানের কারণে আমরা সে প্রোগ্রাম নাহেরপুল স্কুলে করতে বাধ্য হয়েছি। আমরা ঝামেলা চাইনা, আমরা চাই শান্তি।

তিনি আরও বলেন, আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত মিরসরাই ও ধুম ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর। আমরা সংঘাতের বিরুদ্ধে নিজেদের জড়াতে চাই না। আমরা বিএনপি নেতাকর্মীদের রক্তে আওয়ামীলীগের হাত রঞ্জিত হতে দেখেছি। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও আজ বিএনপি নামধারী, যারা ইতোমধ্যে তাদের কৃতকর্মের জন্য শাস্তি পেয়েছে সে নব্য ফ্যাসিস্টরা আওয়ামী কায়দায় আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আজকে আপনাদের বলতে চাই আপনাদের মতো সন্ত্রাসীদের চেয়ে শেখ হাসিনা বেশি শক্তিশালী ছিলো। শেখ হাসিনার পতন হয়েছে। আপনাদেরও রাজনৈতিক মরণ হয়ে গেছে ইতোমধ্যে।

আনন্দ র‌্যালী ও সমাবেশে ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইব্রাহিম খালেদ হকসাব, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শহিদ উল্লাহ, বিএনপি নেতা রাসেল ফরায়েজি, স্বপন, ৪ নং ধুম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সদস্য জসিম, ৪ নং ধুম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব শাকিব চৌধুরী, ছাত্রদল নেতা সম্রাট, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন (বালেষ্টর), ৪ নং ধুম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসিফসহ বিএনপি, যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ