অভিনেত্রী পরীমনির জন্মদিনের আয়োজনজুড়ে ছিল শিউলি ফুলের ছোঁয়া। ফুলেল সাজে নজর কেড়েছিলেন তিনিও। তবে জন্মদিনে এত শিউলি ফুল কে পাঠিয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল তাঁর একটি ফেসবুক পোস্ট। ড্রাগন ফলের ভিডিও শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘শুধু কি ফুল পাঠায়! ফলও পাঠায়।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রাগন ফলের একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ভিডিওটির সঙ্গে দেওয়া তাঁর ছোট্ট ক্যাপশন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানস্থলের সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। নিজের পোশাকেও ছিল একই ফুলের নকশা। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন অভিনেত্রী।
জন্মদিনের আয়োজনে শিউলি ফুল বেছে নেওয়ার কারণও জানিয়েছিলেন পরীমনি। তাঁর ভাষ্য, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথাই প্রথমে মাথায় এসেছিল। সেই ভাবনা থেকেই জন্মদিনের পুরো আয়োজন শিউলি ফুল দিয়ে সাজানোর পরিকল্পনা করেন তিনি।
পরীমনি জানিয়েছিলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই এমন আয়োজন করেছেন। এ জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কেউ তাঁকে অনেকগুলো শিউলি ফুল এনে দিতে পারবেন কি না, জানতে চেয়েছিলেন। তবে ফুল দীর্ঘ সময় সতেজ রাখা কঠিন বলে এমন আয়োজন সহজ ছিল না।
অভিনেত্রীর কথায়, একজন তাঁকে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছিলেন।
জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়ে আসা শিউলি ফুলের গল্পের পর এবার সামনে এসেছে ড্রাগন ফলের ভিডিও। ‘শুধু কি ফুল পাঠায়! ফলও পাঠায়’—পরীমনির এই মন্তব্যে উপহার পাঠানো ব্যক্তিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। তবে কাকে ইঙ্গিত করে তিনি এই পোস্ট দিয়েছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।









