মিরসরাইয়ে হাফেজ হয়ে দস্তারে ফজিলত পেলো সন্তান, সম্মাননা পেলো গর্বিত বাবা-মায়েরা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাফেজ হয়ে দস্তারে ফজিলত পেলো সন্তানরা, আর সন্তান হাফেজ হওয়ার সম্মানে সম্মাননা পেলো গর্বিত মা বাবারা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ডাকঘর এলাকার শাহ সূফি আলহাজ মাওলানা নূর আহমদ (র.) ইসলামী কমপ্লেক্স দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে অভিভাবক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনায়তন হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম। তিনি নবীন হাফেজদের উদ্দেশ্যে নসিহত প্রদান করে বলেন, কুরআন শুধু মুখস্থ রাখলেই হবে না, এর শিক্ষা ব্যক্তি জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়ন করতে হবে। একজন হাফেজ জাতির জন্য আলোর দিশারী—তাদের চরিত্র, আচরণ ও আমলের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে উঠতে হবে।

মাদ্রাসা কমপ্লেস কমিটির সভাপতি ইমাম হোসেন বাবলুর সভাপতিত্বে ও কারী মোঃ মূসার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, আবু জাফর সওদাগর, সাইদুল হক, আবুল মনসুর, এনামুল হক ভূঁইয়া।

এছাড়াও দাখিল মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলামসহ মাদরাসার শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একজন সন্তান হাফেজ হওয়া শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো পরিবারের জন্য গৌরবের বিষয়। মা-বাবার ত্যাগ, দোয়া ও সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব নয়। তাই হাফেজ সন্তানদের পাশাপাশি অভিভাবকদেরও সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

সর্বশেষ