বিয়ে-বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বেশ কয়েক বছর ধরে দেশের শোবিজ থেকে অনেকটাই দূরে তিনি। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী।

সোমবার (৫ অক্টোবর) মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একই সঙ্গে জীবনের নানা উত্থান-পতন, পাওয়া-না পাওয়ার কথা তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোনালিসা বলেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’

জীবনের নানা উত্থান-পতনের কথাও স্মরণ করেছেন মোনালিসা। তিনি বলেন, ‘জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’

জন্মদিনে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’

২০১২ সালে মোনালিসার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, তখন নিউ ইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। পরের বছর স্বামীর সঙ্গে নিউ ইয়র্কে সংসার শুরু করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও কাজ শুরু করেন।

তবে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও দীর্ঘস্থায়ী হয়নি মোনালিসার দাম্পত্য জীবন। বিয়ের বছরখানেকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর অনেকটা সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার বাঁধেননি এই অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন মোনালিসা। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভাবনা শেয়ার করেন তিনি।