চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

দুর্নীতি মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন নেসাকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন বলে জানান দুদকের পিপি মোকাররম হোসেন। মামলার রায়ে তাজুলকে দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি ৩১ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১৫ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার স্ত্রীকেও সমপরিমাণ অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে তাদেরকে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশও দেন আদালত।

২০২২ সালের ৫ মার্চ তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন নেসার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তিন বছর তদন্ত শেষে চলতি মাসের শুরুতে আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়, স্ত্রী ও নিজের নামে তাজুল ইসলাম নগরের রৌফাবাদ এলাকায় ২০০২ সালে ৩ শতক জায়গা কিনে পাঁচতলা বাড়ি করেন। অথচ তার স্ত্রীর আয়ের কোনো উৎস নেই। নিজের অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দিতে স্ত্রীর নামে জমি কিনে পাঁচতলা বাড়ি করেন তিনি। তারা বাড়িটির অর্ধেক নির্মাণের ব্যয় দেখান ২৫ লাখ ৬১ হাজার টাকা। কিন্তু দুদক তদন্ত করে পায় ৩৮ লাখ ৬৮ হাজার টাকা। এ ছাড়া স্ত্রীর নামে ব্যাংকে নগদ টাকাসহ অস্থাবর সম্পদ পাওয়া যায় আরও ২১ লাখ ৩০ হাজার টাকা। তার স্ত্রীর নামে মোট ৫৯ লাখ ৮৯ হাজার টাকার অবৈধ সম্পদ পায় দুদক।