নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের পাঁয়তারা এবং কথিত লকডাউনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আকবরশাহ এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদল নেতা আতিফের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সঞ্চালনা করেন আকবরশাহ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক সাজিদ।
মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াস খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির আহমেদ সোহেল, আকবরশাহ থানা ছাত্রদলের আহ্বায়ক সামির ইবনে জাকির, চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, আকবরশাহ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন রাজ ও মুনতাসিন চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও ৯নং ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী হৃদয়, মেহেদী, খালেদ হোসেন তামিম, মান্নাসহ ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদেশে বসে লকডাউনের নামে নতুন করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে তাদের এসব ষড়যন্ত্র রুখে দেবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা ছাত্রদল কখনো সফল হতে দেবে না।
বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।









