আনোয়ারায় গাছ কাটাকে কেন্দ্র করে ভাগিনার বিরুদ্ধে মামার ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় গাছ কাটাকে কেন্দ্র করে ভাগিনার হামলায় আহত হয়েছেন আবদুল ছমদ (৪৮)। এ ঘটনায় ভাগিনা মো. রাসেল (৩৫)সহ পাঁচজনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মামা।

ঘটনাটি ঘটে ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার নুরুন নবী মিস্ত্রির বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবদুল ছমদের সঙ্গে তার বোনদের জায়গা-সংক্রান্ত বিরোধ ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং প্রত্যেকে নিজ নিজ অংশ বুঝে পেয়েছেন। এর মধ্যে আবদুল ছমদ তার নিজ ভিটা থেকে গাছ কাটেন। পরে ওই গাছগুলো অভিযুক্ত রাসেলের বলে দাবি করে তিনি তার মামা আবদুল ছমদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেন।

ভুক্তভোগী আবদুল ছমদ জানান, পারিবারিক জায়গা ভাগ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি আমার ভাগে দখলকৃত জায়গা থেকে গাছ কাটি। হঠাৎ রাসেল এসে তার জায়গা ও গাছের মালিকানা দাবি করে আমার ওপর ক্ষিপ্ত হয়। পরে রাসেল লোহার রড দিয়ে আমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার কামনা করি।

অভিযুক্ত মো. রাসেল জানান, আমাদের জায়গা মামা ভোগ করে যাচ্ছে। লাখের বেশি টাকা খরচ করে জায়গা উদ্ধার করলেও বিভিন্ন হয়রানির শিকার হচ্ছি। এর মধ্যে আমার খালা থেকে ক্রয়কৃত জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে আমার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। রাগের মাথায় এমন ঘটনা ঘটে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, মারামারির ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ