চট্টগ্রামে দুদকের পাবলিক প্রসিকিউটর হলেন রেজাউল করিম রনি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট রেজাউল করিম রনি। সম্প্রতি কমিশনের পক্ষ থেকে এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন রেজাউল করিম রনি। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে আইন অঙ্গনে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন।

রেজাউল করিম রনির জন্ম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনী গ্রামে। তাঁর পিতা মো. জাহাঙ্গীর আলম ও মাতা ইয়াসমিন আক্তার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী অ্যাডভোকেট মারুফা সুলতানাও চট্টগ্রামে একজন সফল আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। এই দম্পতির সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।

পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও রয়েছে শিক্ষা ও পেশাগত উৎকর্ষের দৃষ্টান্ত। তাঁর দুই ছোট বোনের একজন বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত, অন্যজন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) বায়োকেমিস্ট্রি বিভাগে অধ্যয়নরত।

চট্টগ্রামের আইনাঙ্গনে অ্যাডভোকেট রেজাউল করিম রনির এ নিয়োগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, পেশাদারিত্ব, সততা ও অভিজ্ঞতা দিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন এবং বিচারিক কার্যক্রমে আরও দৃঢ়তা আনবেন।

সর্বশেষ