৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা

চট্টগ্রামে পর্দা উঠলো এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট’র

বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে করপোরেট অঙ্গনের অন্যতম বড় ক্রীড়া আয়োজন ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’। দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় আসরের উদ্বোধন করা হয়। ফুটসালের এই আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে হারিয়ে আসর শুরু করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দিনের দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে পরাজিত করে।

এবারের ফুটসাল প্রতিযোগিতায় ২৪টি প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপ পর্বের লড়াইয়ে অংশ নিচ্ছে এশিয়ান গ্রুপ, কনকর্ড, এক্সপো ফ্রেইট, কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ, সাউথইস্ট ব্যাংক, এ অ্যান্ড ই, বিকাশ, কেএসআরএম, ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি, চৌধুরী গ্রুপ, এন মোহাম্মদ, আকিজ শিপিং, মার্স্ক, বনফুল, নগদ, ফোর এইচ গ্রুপ, কেডিএস ফ্যাশন, মামিয়া ওপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ফুটসালের পর আন্তর্জাতিক ব্যাডমিন্টন
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো শুরু হবে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। এতে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলারেরা অংশ নেবেন। আগামী ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।

ফুটসাল ও ব্যাডমিন্টন মিলিয়ে এবারের আয়োজনকে আরও বড় পরিসরে সাজিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপ।

খেলাধুলায় করপোরেট প্রতিষ্ঠানের ভূমিকার আহ্বান
ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। একসময় তিনি নিজেও প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। পরে স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন এবং গত ২৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছেন।

তিনি বলেন, খেলাধুলায় অংশ নেওয়ার আগে শারীরিক প্রস্তুতি বা কন্ডিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রস্তুতি ছাড়া খেলতে নামলে মাংসপেশিতে টান, লিগামেন্টে আঘাত ও মচকে যাওয়ার ঝুঁকি থাকে। পেশাদার খেলোয়াড় না হলেও খেলাধুলার আগে শারীরিক প্রস্তুতিকে গুরুত্ব দিতে হবে।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি আন্তরিক। খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া কার্ড চালু করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ। অনেক পেশাদার খেলোয়াড় আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের পাশে দাঁড়াতে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ার প্রত্যয়
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ছোটবেলা থেকেই বাবা মোহাম্মদ আবদুস সালামের শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। সেই অনুপ্রেরণা থেকেই খেলাধুলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা।

তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং মাদকমুক্ত সুস্থ ক্রীড়া সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিবছর এই আয়োজন করা হচ্ছে। এবার ফুটসালের তৃতীয় আসরের পাশাপাশি প্রথমবারের মতো মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হয়েছে। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ এ আয়োজনকে আরও সমৃদ্ধ করবে।

এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।

এর আগে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর আয়োজন করা হয়েছে। এবার তৃতীয় আসরের পাশাপাশি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় আয়োজনের পরিধি আরও বিস্তৃত হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করবে। একই সঙ্গে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীদের জন্য আন্তর্জাতিক ক্রীড়ার নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

সর্বশেষ