চাঁদাবাজি মামলায় কারাগারে ‘বগা’, অস্ত্র মামলায় জামিন

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’ চাঁদাবাজির মামলায় জামিন না পেয়ে কারাগারে গেছেন। তবে ২০১৮ সালের একটি অস্ত্র মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

রোববার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওয়াকিল হোসেন। শুনানি শেষে বিচারক মনিরুল ইসলাম খুলশী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওয়াকিলের আইনজীবী মঈনুল ইসলাম জানান, রোববার দুটি মামলায় পৃথক দুই আদালতে আত্মসমর্পণ করেন তাঁর মক্কেল। ২০১৮ সালের অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। তবে গত ৮ অক্টোবর খুলশী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় জামিন পাননি তিনি।

ওয়াকিল হোসেন নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। এলাকায় তিনি ‘বগা’ ও ‘বিহারী বগা’ নামেও পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, মাদক, মারামারি, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পদ ভাঙচুর ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে তাঁর বিরুদ্ধে ২৩টির বেশি মামলা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে ১৬ বছর বয়সী হৃদয় নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। সূত্রের দাবি, নিহত কিশোর ও হামলাকারীরা উভয় পক্ষই ওয়াকিলের অনুসারী ছিলেন।

পাহাড়তলী, আকবর শাহ ও খুলশী এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওয়াকিলের অনুসারীদের চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্রের দাপটে তাঁরা অতিষ্ঠ। সরকারি জায়গার দখল নিয়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর গত বছরের ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

চলতি বছরের ৬ অক্টোবর ওয়াকিলকে গ্রেপ্তারের উদ্যোগের মধ্যে খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমকে বদলি করা হয়। দুই দফা বদলির পর তাঁকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ