টানা বর্ষণ আর আকস্মিক বন্যায় দক্ষিণ চট্টগ্রামের অনেক পরিবার হারিয়েছে স্বাভাবিক জীবনের ছন্দ। ঘরবাড়ি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে যখন অসহায় মানুষ দিশেহারা, ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের হাতে মানবিক সহায়তার উপহার সামগ্রী তুলে দেয় সংগঠনটি।
সংগঠনের নেতারা জানান, দেশের মানুষের দুঃসময়ে প্রবাসীরা কখনোই দূরে থাকতে চান না। মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন, যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অন্তত কিছুটা স্বস্তি পায়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সমন্বয় করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কালাম মাহমুদ, উপদেষ্টা ও মিরসরাইয়ের সন্তান ওমর ফারুক এবং উপদেষ্টা জসিম মজুমদার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি শহীদ সরোয়ার এবং সিনিয়র সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য নুর নবী ইউসুফ খোকন।
এ সময় নেতারা বলেন, প্রবাসীরা দেশের মানুষের সুখ-দুঃখের অংশীদার। প্রাকৃতিক দুর্যোগ, সংকট কিংবা যেকোনো মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে এমন সহযোগিতা শুধু খাদ্য বা উপহার নয়, এটি মানুষের মনে সাহস ও আশার সঞ্চার করে। তারা এই উদ্যোগের জন্য সংগঠনের প্রবাসী সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।









