রাঙ্গুনিয়ায় ‘হালিমা-আলী কিন্ডারগার্টেন’র অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় ‘হালিমা-আলী কিন্ডারগার্টেন স্কুল’র বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ রাহাত সিকদার।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আরফাত নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ সৈয়দ নূর সওদাগর এবং প্রধান শিক্ষক কাজী মুহাম্মদ সেকান্দর।

প্রধান অতিথির বক্তব্যে বিকাশ ধর বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। শিশুদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা এবং তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি যত মজবুত হবে, ভবিষ্যতে শিক্ষার্থীরা তত বেশি দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ সৈয়দ নূর সওদাগর বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই হালিমা-আলী কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি হয় প্রাথমিক পর্যায়ে। তাই পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি শুধু শিক্ষকদের প্রচেষ্টায় সম্ভব নয়; এ ক্ষেত্রে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতাও প্রয়োজন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ