রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন ঘিরে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে এবং প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে সময়সূচি নির্ধারণ করা হবে এবং পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে চিফ ইলেকশন কমিশনার নিজেই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকেই পুরো নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে সংসদের অধিবেশন চলমান থাকা বা না থাকা কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনসহ কমিশনের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।
সংসদীয় আসন বা অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে আলোচনা হয়নি। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
চট্টলার কাগজ/আহো









