প্রগতিশীল আন্দোলনের কর্মী ও বিশিষ্ট পেশাজীবী সাইফুদ্দিন খালেদ খসরুকে স্মরণে চট্টগ্রামে নাগরিক কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই স্মরণসভায় বক্তারা বলেন, সংস্কৃতি, মানবিকতা ও প্রগতিশীল চেতনায় আজীবন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক অধ্যাপক মহীবুল আজিজ এবং সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব মো. আতিক, অধ্যাপক ডা. ফজলে এলাহী মিলাদ, কবি ও সাংবাদিক অভীক ওসমান, কাজী মাহমুদ ইমাম বিলু, কবি নাজিমুদ্দীন শ্যামল, শিক্ষাবিদ আজাদ বুলবুল, বিশ্বজিত বসু, মো. শাহ আলম, এড. অসীম কুমার দাশ, দীপেন চৌধুরি, প্রণব চৌধুরী, ইউসুফ হোসেন ভুইঁয়া, অশ্রুত কুমার চক্রবর্তী, সুমন চৌধুরী মনি, জহিরুল আলম ও সাইফুদ্দিন খালেদ খসরুর কন্যা যাহবা শবনম আভা প্রমুখ।
বক্তারা বলেন, শৈশব থেকে সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা সাইফুদ্দিন খালেদ খসরু ছিলেন অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনষ্ক ও মানবিক মানুষ। তিনি যুক্তি ও বুদ্ধির মুক্তিতে বিশ্বাস করতেন এবং ভোগবাদী সমাজব্যবস্থার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। সমাজ পরিবর্তনের স্বপ্ন ও মানবিক মূল্যবোধ ছিল তাঁর জীবনের মূল চালিকা শক্তি।
সভায় বক্তারা আরও বলেন, খসরু তাঁর কর্ম ও চিন্তার মধ্য দিয়ে মানুষের আস্থা, ভালোবাসা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন। সংস্কৃতি ও প্রগতিশীল আন্দোলনের সাথে আজীবন যুক্ত থেকে তিনি মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখতেন।
শোকসভায় শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাইফুদ্দিন খালেদ খসরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।









