ট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
মহাসমাবেশ সফল করতে আজ রোববার সকালে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে। দলের প্রধান তারেক রহমানের আগমন ও পলোগ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সমাবেশ সফল করতে গতকাল প্রস্তুতি সভা করেছে নগর বিএনপি। গঠন করা হয়েছে উপকমিটিও।









