চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির উঠানে মাটিচাপা অবস্থায় আশরাফ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকালে কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফ মিয়া ওই এলাকার মৃত ফরিদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে আশরাফ মিয়া নিখোঁজ হন। রবিবার সকালে বাড়ির উঠানের দক্ষিণ পাশে কমলা গাছের নিচে নতুন মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান জানান, নিখোঁজের তিন দিন আগে নিহতের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়েছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে-সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে।









