চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান পরিচালনা করে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মো. ফারুক হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক ফারুক হোসেন খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল মান্নান এবং মাতার নাম পেয়ারা বেগম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এ সময় সন্দেহভাজন ফারুক হোসেনের কাছ থেকে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজনকে আটক ও পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আব্দুল হালিম।









