চকরিয়া ভেঙে মাতামুহুরী নামে নতুন থানা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক করতে কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামে নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন এ থানা কক্সবাজার জেলার মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় স্থাপন করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, চকরিয়া থানাকে বিভক্ত করে কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। নতুন থানা গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে একই সভায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিকার সভায় আরও দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত রয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় এবং বাঙ্গরা উপজেলার সদর দপ্তর বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।

সর্বশেষ