আনোয়ারা থেকে মাতারবাড়ী— ১১৮৩ কোটি টাকার অর্থনৈতিক করিডোর

মহিউদ্দীন মনজুর, ‎আনোয়ারা

কর্ণফুলী টানেল থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর— দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে যাচ্ছে ৫৮ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক। আনোয়ারার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিস্তৃত হবে সড়কটি। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটার সড়ক উন্নয়নে খরচ পড়বে প্রায় ২০ কোটি ৩৩ লাখ টাকা।

সংশ্লিষ্টদের আশা, নতুন এ মহাসড়ক চালু হলে কর্ণফুলী টানেল থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হবে। মাতারবাড়ীগামী যানবাহনের প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পথ এবং এক ঘণ্টা সময় সাশ্রয় হতে পারে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনে তৈরি হবে নতুন সম্ভাবনা।

ইতোমধ্যে প্রকল্পের মাঠপর্যায়ের প্রস্তুতিও শুরু হয়েছে। আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে সড়কের দুই পাশের গাছ কাটার কাজ চলছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় বিদ্যমান সড়ক প্রশস্তকরণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়।

প্রকল্প অনুযায়ী, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রশস্ত করা হবে। বর্তমানে সড়কের যেসব অংশের প্রস্থ প্রায় ১৮ ফুট, সেগুলো বাড়িয়ে ৩৪ ফুট করার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট ব্যয়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৪১ কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হবে সড়ক নির্মাণ, প্রশস্তকরণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে।

কমবে দূরত্ব, সহজ হবে মাতারবাড়ী বন্দরের যোগাযোগ
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন মহাসড়কটি চালু হলে কর্ণফুলী টানেল থেকে কালাবিবির দিঘি, বাঁশখালী, টইটং, পেকুয়া ও মাতামুহুরী হয়ে বদরখালী এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে যাতায়াতের বিকল্প পথ তৈরি হবে।

বর্তমানে মাতারবাড়ীগামী যানবাহনকে টানেল হয়ে আনোয়ারা, শিকলবাহা ওয়াই জংশন, পটিয়া বাইপাস, গাছবাড়িয়া ও চকরিয়া ঘুরে যেতে হয়। নতুন সড়ক চালু হলে এ পথে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূরত্ব এবং এক ঘণ্টা সময় কমতে পারে। অন্যদিকে কক্সবাজারগামী যানবাহনের প্রায় ৩০ কিলোমিটার পথ ও ৪৫ মিনিট সময় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

সওজ কর্মকর্তারা বলছেন, নতুন যোগাযোগব্যবস্থা চালু হলে কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়বে। পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, আনোয়ারার শিল্পাঞ্চল এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনও সহজ হবে।

গাছ কাটা শুরু, ভূমি অধিগ্রহণ বড় চ্যালেঞ্জ
সড়ক প্রশস্তকরণের প্রস্তুতি হিসেবে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ ও বিদ্যমান অবকাঠামো অপসারণকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় সড়কের বাঁক প্রশস্ত করতে অতিরিক্ত জমির প্রয়োজন হবে। সময়মতো ভূমি অধিগ্রহণ শেষ না হলে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, দরপত্র প্রক্রিয়া শেষে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে বন বিভাগের মাধ্যমে গাছ কাটার কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে সড়ক নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। কতসংখ্যক গাছ কাটতে হবে, তার বিস্তারিত তালিকা বন বিভাগের কাছে রয়েছে বলেও জানান তিনি।

শিল্পায়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
আনোয়ারা পেশাজীবী পরিষদের সদস্য ও ব্যাংকার এস এম মঈন উদ্দীন আজাদ বলেন, কর্ণফুলী টানেল নির্মাণের পর দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেড়েছে। তবে কক্সবাজারমুখী সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে এখনো প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।

তাঁর মতে, পিএবি-টইটং মহাসড়ক বাস্তবায়িত হলে আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত শক্তিশালী অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে। এতে টানেলের কার্যকারিতা বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এ অঞ্চলে সহজে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়ন ও আধুনিকায়নের জন্য উন্নত সড়ক যোগাযোগ অপরিহার্য। সরু সড়ক প্রশস্ত করে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা গেলে নতুন শিল্পকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

কর্ণফুলী টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চলকে একই যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত করার সম্ভাবনা তৈরি করছে এ প্রকল্প। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করা, ভূমি অধিগ্রহণের জটিলতা কাটানো, নির্মাণের মান নিশ্চিত করা এবং গাছ কাটার পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়াই হবে প্রকল্পটির সফল বাস্তবায়নের বড় পরীক্ষা।

সর্বশেষ