চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। অপহৃত ছাত্রীর নাম পাপিয়া আক্তার (১৪)। সে পশ্চিম খুরুশিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং পদুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দ্বারিকোপ মহিষের বাম এলাকার বাসিন্দা।
গত শনিবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আদিলপুর মাদ্রাসার সামনে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে সিএনজি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার। পাপিয়ার মা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ছাত্রীর মা জানান, “কিছু দুবৃর্ত্ত আমার মেয়েকে অপহরণ করেছে। আমি থানায় অভিযোগ করেছি, যেন দ্রুত আমার মেয়েকে উদ্ধার করা হয়।”
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “ছাত্রী অপহরণের লিখিত অভিযোগ পেয়েছি। তবে প্রাথমিক তদন্তে প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”









