প্রথমবার এই স্বীকৃতি পেলেন দুই বাংলাদেশি রেফারি

এশিয়ান হ্যান্ডবলের রেফারি ব্যাজ পেলেন চট্টগ্রামের আলমগীর

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের রেফারি ব্যাজ অর্জন করেছেন চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ অ্যাসোসিয়েশনের রেফারি মো. আলমগীর। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

১৯৮৩ সালে বাংলাদেশে হ্যান্ডবল খেলার প্রচলন শুরুর পর এই প্রথম দেশের দুই রেফারি এশিয়ান ফেডারেশনের রেফারি ব্যাজ অর্জনের গৌরব অর্জন করলেন। আলমগীরের পাশাপাশি এই স্বীকৃতি পেয়েছেন তাঁর পার্টনার ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড় তানভীর হোসেন শান্ত।

মো. আলমগীর চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের নিয়মিত খেলোয়াড়। পাশাপাশি গত বাংলাদেশ যুব গেমসে স্বর্ণপদক অর্জনকারী চট্টগ্রাম বিভাগীয় হ্যান্ডবল দলের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি। তাঁর এই অর্জনে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

আলমগীরের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এবং এডহক কমিটির সদস্যসচিব মো. সালাউদ্দিন। এক যৌথ বিবৃতিতে তাঁরা এই অর্জনকে চট্টগ্রাম তথা দেশের হ্যান্ডবলের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে আলমগীরকে শুভেচ্ছা জানান।

এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সহসভাপতি আ ন ম ওয়াহিদ দুলাল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলর কল্লোল দাশ, বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উত্তম মেনগুপ্ত এবং চট্টগ্রাম জেলা হ্যান্ডবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।

তাঁরা এক যৌথ বিবৃতিতে আলমগীরের এই আন্তর্জাতিক স্বীকৃতিকে দেশের হ্যান্ডবল অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সর্বশেষ