প্রবাসীদের ন্যায্য ও যৌক্তিক দাবি সরকারের কাছে তুলে ধরার ক্ষেত্রে দায়িত্বশীল ও গঠনমূলক বক্তব্যের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উপদেষ্টা ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক।
তিনি বলেন, প্রবাসীদের দাবিগুলো যুক্তিনির্ভর, গঠনমূলক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। সরকারের কাছে কোনো দাবি উপস্থাপনের সময় এমন কোনো ভাষা বা অবস্থান নেওয়া উচিত নয়, যা দেশ ও সরকারবিরোধী হিসেবে বিবেচিত হতে পারে।
দায়িত্বশীল আচরণ ও যৌক্তিক দাবির মাধ্যমে প্রবাসীদের সমস্যা, প্রত্যাশা এবং অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রবাসীদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি পারস্পরিক ঐক্য, সচেতনতা ও দায়িত্বশীল অবস্থান বজায় রাখতে হবে। প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সঠিকভাবে দাবি উপস্থাপনের বিকল্প নেই।
৩১ অক্টোবর (শনিবার) সংযুক্ত আরব আমিরাতের আজমানে কাচ্চি ডাইন রেস্তোরাঁয় বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাসীদের সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মোতাব্বির হোসেন রাজু ও জুনায়েদ আলাম আলফুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জনাব শহীদ সারোয়ার, প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কালাম মাহমুদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা জসিম মজুমদার।









