চট্টগ্রামে পর্দা উঠল ‘ব্যাটল অব ব্যাচেস’র

সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, বন্ধুত্ব আর ক্রিকেটের উন্মাদনায় চট্টগ্রামে শুরু হয়েছে ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ‘ব্যাটল অব ব্যাচেস’ সিজন–৫। চট্টগ্রাম উইজার্ডের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় নগরের নোমান কলেজ মাঠে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় সরকার বিভাগের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. সওয়েব উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ইউসুফ খান রাজীব এবং রেনিশা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস।

এবারের আসরে ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের ১২টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঢাকার দুটি দলও রয়েছে। প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম পর্বে ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা হবে। গ্রুপ পর্বের লড়াই শেষে সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। এরপর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের আসরের চ্যাম্পিয়ন।

চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপুর সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সংগঠনটির সহ-সভাপতি সাইফুর জামান।

উদ্বোধনী আয়োজনে চট্টগ্রাম উইজার্ডের সদস্য, টুর্নামেন্টের স্পনসর, অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে নোমান কলেজ মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকেরা জানান, মাঠে প্রতিদ্বন্দ্বিতা আর মাঠের বাইরে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব— এই চেতনাকে সামনে রেখেই ‘ব্যাটল অব ব্যাচেস’ আয়োজন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, ‘ব্যাটল অব ব্যাচেস’ কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি সাবেক শিক্ষার্থীদের মিলন, স্মৃতিচারণ, বন্ধুত্ব ও সম্প্রীতির এক প্রাণবন্ত আয়োজন।