‘তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। ছাত্রদলের নেতাকর্মীদেরও খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে হবে।
মায়ানী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম হাসানের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্যসচিব শাহাদাত হোসেন সাগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক সদস্যসচিব মুসা মিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সচিব মহিউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









