আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দঘন, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম নগরের ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নগরের জয়নাব কলোনি কমিউনিটি সেন্টারে মোহাম্মদ রেজাউল করিম রেজার উদ্যোগে ও আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন, দেওয়ান বাজার এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। উৎসবে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সবার সক্রিয় ভূমিকা ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেওয়ান বাজারকে দুর্গোৎসব উদযাপনের একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপের প্রস্তুতি ও উৎসবের আনন্দ বাড়াতে তাঁর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সভায় বক্তব্য দেন ঘাটফরহাদবেগের সাধারণ সম্পাদক পরিমল ধর, বৃন্দাবন আখড়ার সভাপতি ওমা শংকর রায়, রক্ষিত বাড়ির সভাপতি আশীর রক্ষিত রুমেল, শ্রী শ্রী পার্বতী সংঘের সভাপতি উজ্জ্বল চক্রবর্তী, শ্রী শ্রী বড়দেশ্বরী কালীবাড়ি, কুরবানীগঞ্জের সাধারণ সম্পাদক মনি শংকর পারিয়াল, টেরিবাজার বাইলেনের সাধারণ সম্পাদক পরিমল দত্ত এবং আশিষ আচার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা কমিটির সভাপতি লিটন ও সাংগঠনিক সম্পাদক সবুজ মল্লিক, শ্রী শ্রী পার্বতী সংঘ ও অভয় মিত্র মহাশ্মশানের সাধারণ সম্পাদক দিলু চৌধুরী, অণিক মল্লিক, সজল কান্তি দাশ, মিন্টু মল্লিক, নন্দন কান্তি দাশ, তপু দাশ গুপ্ত, অপু দাশ গুপ্ত ও মিঠু দাশ।
এ ছাড়া সত্যনারায়ণ কমিটির সাধারণ সম্পাদক রুমন সেন, জেলেপাড়ার মা সংঘের গোপাল বাবু এবং রুমঘাটা প্রগতি সংঘের সভাপতি রূপক দাস ও সাধারণ সম্পাদক জয়দীপ পাল দুলুসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।









