কর্ণফুলীতে সিলিং ফ্যানে ঝুলছিল বৃদ্ধের লাশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মো. কবির আহম্মদ (৫৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফরিদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কবির আহম্মদ ওই গ্রামের আকমল আলীর বাড়ির মৃত বদরুজ্জামানের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাঁর স্ত্রী মারা যান। তাঁর তিন ছেলে রয়েছে। তাঁদের মধ্যে দুজন বর্তমানে প্রবাসে থাকেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রীর মৃত্যুর পর বিভিন্ন বিষয় নিয়ে হতাশায় ভুগছিলেন কবির আহম্মদ। রোববার রাতে প্রতিদিনের মতো ঘুমাতে যান তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাঁর এক ছেলে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।