আনোয়ারায় দুই শিক্ষার্থীকে পাগড়ি প্রদান, ১০ জনকে হিফজের সবক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের মাঝের পাড়ায় অবস্থিত হজরত শাহজালাল (রহ.) তাহফিজুল কুরআন বালক-বালিকা মাদরাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি-পুরস্কার ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে হিফজের সবক দেওয়া হয়। একই সঙ্গে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থীকে পাগড়ি, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা শহীদুল্লাহ আনোয়ারীর সভাপতিত্বে এবং হাফেজ আবদুল আজিজ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদরাসার সদরে মোহতামিম মাওলানা কারী ইসহাক। প্রধান অতিথি ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হোসাইন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, সাধারণ সম্পাদক মাওলানা ছৈয়দ নুর আনোয়ারী, আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাওলানা ক্বারি ফোরকান মাহমুদ এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সভাপতি হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন।

মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা শহীদুল্লাহ বলেন, এ প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তাঁদের ধারাবাহিকতায় এবারও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে পাগড়ি, সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ