মিরসরাইয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনার অংশ হিসেবে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও মনিটরিং সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে বিগত অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বাজেট রেখেছে। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর। অতীতের যে কোন সময়ের তুলনায় ভদ্র, শিক্ষিত ও গ্রহণযোগ্য মানুষগুলো বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির দায়িত্বে এসেছে। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্য প্রযুক্তির আওতায় আনা গেলে ব্যবস্থাপনা ও শিখন-পড়ন আরও সহজতর হবে।
শনিবার (১০ অক্টোবর) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে শিক্ষকদের সাথে তথ্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও মনিটরিং সিস্টেম বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মিরসরাইয়ে এখনো অনেক অনগ্রসর অঞ্চল রয়েছে। অনেক অভিভাবক এখনো তাদের ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে সচেতন না। প্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা সিস্টেম চালুর পাশাপাশি অভিভাবকদের সচেতন করাও জরুরী। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল নিয়োগ ও আইটি হাব করার ব্যাপারে সরকারের যথেষ্ট চেষ্টা রয়েছে। শিক্ষকদেরও পাঠদানে আরো মনোযাগী হওয়া জরুরী।

মতবিনিময় সভাটির আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েক্সনিক্স। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ সাইফুর রহমান ও মোঃ মোফাজ্জেল হোসেন রাজিব।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন, আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শরফু উদ্দিন, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন, বেসরকারী কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদরাসার অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতিবৃন্দ ও আইসিটি শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভার প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যেশ্যে স্লাইডস্লো উপস্থাপন করেন ওয়েক্সনিক্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন। এসময় তিনি তাদের তৈরিকৃত এডুএক্স নামক প্লাটফর্ম ব্যবহার করে অতি সহজে বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শিক্ষক ও কর্মচারীদের তালিকা ও যাবতীয় রেকর্ড, শিক্ষার্থীদের হাজিরা, ক্লাস রুটিন, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা, ফি ও বকেয়ার হিসাবসহ মোট ১৪টি সেবার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
মতবিনিময় সভায় বক্তারা এ ধরনের প্রযুক্তিভিত্তিক মনিটরিং সিস্টেম চালুর মাধ্যমে মিরসরাইয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ, স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।









