ওয়াসিম হত্যা মামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে ওমর ফারুক বলেন, ওয়াসিম হত্যাকাণ্ডের দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদ রেজা, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাহেদ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাইমুল হক, চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন আকাশ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেদোয়ান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









