মিরসরাইয়ে সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও শিক্ষক নিয়াজুল করিম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কাগজের বইয়ের অর্জিত জ্ঞানের কোন মূল্য থাকবেনা, যদি না আমাদের কাছে মানবিকতা ও নৈতিক জ্ঞান থাকে। আজকে এ স্কুল থেকে যারা পাশ করে মেধার স্বাক্ষর রেখেছ, তোমাদের বলব কলেজে ভর্তি হওয়ার পর তোমাদের প্রধান কাজ হবে একজন চরিত্রবান ও ভালো বন্ধু নির্বাচন করা। আজকে তোমাদের এ সফলতা বলে দিবে তোমাদের আগামীর গন্তব্য কি হবে।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখনে উপস্থিত একেকজন শিক্ষার্থী একেকটা ফুল। এ ফুলগুলো যেন সুন্দরভাবে ফুটে তাদের সুবাস ছড়াতে পারে সে পরিবেশ আপনারা সৃষ্টি করে দিতে হবে। অভিভাবকরা আপনার ছেলে যত্ন নিবেন, তাদের পড়াশোনার বিষয়ে সচেতন থাকবেন। আপনারা আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন, আপনাদের প্রতিনিধি হিসেবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকা আমার দায়িত্ব মনে করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে। প্রধান বক্তার বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, সাবেক সিনিয়র শিক্ষক মোঃ রফিউজ্জামান।
অনুষ্ঠানে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ হারুন, মিরসরাই উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক এইচ এম মাসুক, ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।









